ছবি: সংগৃহীত
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ঘিরে চেন্নাইয়ে নতুন বিতর্কে জড়ালেন থালাপতি বিজয়। তার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয় নির্বাচনের আগে আইনি জটিলতায় পড়েছেন। পুলিশের অভিযোগ, নির্ধারিত নিয়ম ভেঙে চেন্নাইয়ের ব্যস্ত এলাকায় রোডশো করেছেন তিনি।
চেন্নাই পুলিশের দাবি, বিজয়কে নির্দিষ্ট একটি স্থানে কর্মসূচি করার অনুমতি দেয়া হলেও তিনি টি নগর, থাউজ্যান্ড লাইটস এবং এগমোর এলাকাজুড়ে বিশাল শোভাযাত্রা বের করেন। এ সময় হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে তাকে স্বাগত জানান, যার ফলে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।
নির্বাচন কমিশনের একটি ফ্লাইং স্কোয়াডের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় করা এ মামলায় সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে।
মামলায় বিজয় ছাড়াও টিভিকে-র একাধিক নেতার নাম রয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি বিজয় বা তার দল।
নির্বাচনের ঠিক আগে এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে এ বিতর্ক কতটা প্রভাব ফেলবে, তাই এখন দেখার অপেক্ষা থালাপতি ভক্তদের।