বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় তাদের আন্দোলনে পাশে থাকবে তার দল।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, ‘বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। সুস্থ রাজনীতির ধারা অব্যাহত রাখতে চাই বিধায় দেশের বৃহত্তর স্বার্থে নির্বাচনের ফল মেনে নিয়েছি।’
তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের একজন মন্ত্রীর বক্তব্যেই স্পষ্ট হয়েছে, গত নির্বাচনে কিভাবে কারচুপি করা হয়েছে।
সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, সংসদে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে, যার ফলে জনস্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় জোট।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতের তুলনায় নতুন ধরনের ফ্যাসিবাদ আরও ভয়াবহ হতে পারে এবং ‘গণভোটের রায় প্রত্যাখ্যানের মাধ্যমে নতুন ফ্যাসিবাদের যাত্রা শুরু হয়েছে।’ তার মতে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে ক্ষতি করা হচ্ছে।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘গণমাধ্যমের টুঁটি চেপে ধরে সত্য প্রকাশে বাঁধা দেয়া হচ্ছে। দেশের সংকট নিয়ে সংসদে আলোচনার নোটিশ দিলে তা নাকচ করা হয়।’
এ সময় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রতি আহ্বান, সাদাকে বাদামি বা কালো নয়, সাদাকে সাদাই বলুন৷ আমাদের কোনো বক্তব্যের কাটপিস নয়, হয় পুরোটা প্রকাশ করুন নতুবা কিছুই প্রকাশ করবেন না’
সংসদ এবং রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে উঠতে হবে৷ আমরা জনগণের পাশে থাকবো।’