ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৪৩ পিএম
বরিশালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনে কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তার পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোরভাবে কাজ করা হবে এবং কোনো অনিয়ম বা পক্ষপাতিত্ব ধরা পড়লে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রোববার সকালে বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে বরিশাল জেলার আইনশৃঙ্খলা বাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার।
তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে সবকিছু খোলামেলাভাবে করতে হবে। কোনো ধরনের লুকোচুরি বা গোপনীয়তার সুযোগ নেই। নির্বাচন কমিশন নিরাপত্তার প্রশ্নে শক্ত অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান বজায় থাকবে।
নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি আরও বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ কেবল একজন নাগরিক হিসেবে ভোট দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়তে দেওয়া যাবে না। "আমি যখন পেশাদারিত্বের সঙ্গে কাজ করছি, তখন আপনারাও শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমার কাছে ছোট দল, বড় দল, হেভি ওয়েট বা লাইট ওয়েট প্রার্থী বলে কিছু নেই। আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে বিবেচনা করতে হবে," বলেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, নির্দেশনা দেওয়ার পরও যদি কেউ ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায়, তাহলে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, আপনারা দৃঢ় অবস্থানে থাকলে কেউ সুযোগ নিতে পারবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, পরিস্থিতি বিবেচনায় মধ্যপন্থাও অবলম্বন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন। এতে জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম সহ নির্বাচন ও আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।