ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:০৮ পিএম
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ৪১ হাজার ৬২৭ জন শিক্ষকের বিস্তারিত তথ্য জরুরিভিত্তিতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে ২০২৫ সালে এসব শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল।
আগামী সাত কার্যদিবসের মধ্যে এই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-২ শাখা থেকে একটি ‘তাগিদ পত্র’ রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।
উপসচিব হুরে জান্নাত স্বাক্ষরিত পত্রে জানানো হয়, ৬ষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় এসব শিক্ষকের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছিল। তবে সুপারিশপ্রাপ্তদের মধ্যে কতজন ইতোমধ্যে কর্মস্থলে যোগদান করেছেন এবং কতজনের ক্ষেত্রে যোগদানের পর পদায়ন সম্পন্ন করা সম্ভব হয়নি সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া যোগদানের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক জটিলতা রয়েছে কি না, কতজন শিক্ষক এখনো এমপিওভুক্ত হতে পারেননি এবং তার কারণ কী এসব বিষয়েও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে এই তথ্য সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।
মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশনায় নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে। ওই ছকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকের নাম ও নিবন্ধন নম্বর, সুপারিশকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, যোগদানের তারিখ, এমপিওভুক্ত না হয়ে থাকলে তার সুনির্দিষ্ট কারণ এবং সংশ্লিষ্ট মন্তব্য উল্লেখ করতে হবে।