ঈদে যানজট কমাতে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে থাকবে নিষেধাজ্ঞা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২৬, ০৩:৫০ পিএম

ঈদে যানজট কমাতে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে থাকবে নিষেধাজ্ঞা

মো. সরওয়ার, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীসহ সড়কপথে যানজট কমাতে ঈদের আগে ও পরে নির্দিষ্ট সময়ের জন্য ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যাত্রীদের সহায়তার জন্য বাস টার্মিনালগুলোতে বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হবে। একই সঙ্গে রাস্তায় ফিটনেসবিহীন বা লক্কড়ঝক্কর বাস চলাচল করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সভায় সংশ্লিষ্টদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যাতে যাত্রীরা কোনো ধরনের ভোগান্তির শিকার না হন।

Link copied!