ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৪:৫১ পিএম

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে ১৪ মার্চ থেকে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে আগামী ১৪ মার্চ থেকে সারাদেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ এখন জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।

তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস মশার কামড়ের মাধ্যমেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। তাই মশার প্রজননস্থল ধ্বংস করা এবং আশপাশ পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

তারেক রহমান আরও বলেন, আগে ডেঙ্গুর প্রকোপ সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বেশি দেখা যেত। কিন্তু এখন বছরের যেকোনো সময়েই মানুষ এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

তিনি জানান, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকলেই সেখানে এডিস মশা জন্মাতে পারে। তাই ড্রেন, নর্দমা বা ডোবার মতো জায়গায় পানি জমে থাকতে না দেওয়ার পাশাপাশি বাসাবাড়ির আশপাশও নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা ছাদের পানির ট্যাংকে পানি জমে আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আসন্ন বর্ষা মৌসুমের আগেই সচেতনতা বাড়াতে সরকার প্রতি সপ্তাহের শনিবার দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল লক্ষ্য প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা। তাই সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

 

Link copied!