জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রত্যাহার, স্বাভাবিক সরবরাহ শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ০২:২৯ পিএম

জ্বালানি তেল বিক্রিতে রেশনিং প্রত্যাহার, স্বাভাবিক সরবরাহ শুরু

ছবি: সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করেছে সরকার। রবিবার (১৫ মার্চ) থেকে দেশের সব ফিলিং স্টেশনে আগের মতোই গ্রাহকদের চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রি ও সরবরাহ করা হবে।

সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি সামাল দিতে সরকার সাময়িকভাবে জ্বালানি বিতরণে কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। তবে ইতোমধ্যে আমদানিকৃত কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

তিনি জানান, সামনে ঈদুল ফিতরকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা এবং চলমান বোরো মৌসুমে কৃষি কাজে জ্বালানির চাহিদা বিবেচনা করে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আজ ১৫ মার্চ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব বিতরণকেন্দ্র থেকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ করা হবে।

তবে কেউ যদি এই সুযোগে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন জ্বালানি প্রতিমন্ত্রী।

 

Link copied!