মার্চ ১৬, ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য বন্ধ থাকা ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে এ বিষয়ে আপাতত কোনো সুসংবাদ নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তবে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সোমবার প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রণয় ভার্মা এ কথা বলেন।
তিনি জানান, বৈঠকে দুই দেশের বিভিন্ন অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ক্রস-বর্ডার বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রণয় ভার্মা বলেন, এসব উদ্যোগ দুই দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলমান প্রকল্পগুলো কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে।
ভারতীয় ভিসা চালুর প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। তবে ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে তখনই এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এর আগে গত ২ মার্চ প্রণয় ভার্মা জানিয়েছিলেন, খুব শিগগিরই ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।