চীনের সঙ্গে সম্পর্ক অতীতে ‘হাইজ্যাক’ হয়েছিল: শফিকুর রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৭, ২০২৬, ০১:২৫ পিএম

চীনের সঙ্গে সম্পর্ক অতীতে ‘হাইজ্যাক’ হয়েছিল: শফিকুর রহমান

বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অতীতে সঠিকভাবে পরিচালিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এক সময় চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ‘হাইজ্যাক’ করা হয়েছিল। মঙ্গলবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ মানুষের মাঝে ফুডপ্যাক বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
 

জামায়াত আমির বলেন, চীন বাংলাদেশের প্রতি দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখিয়ে আসছে। অনেক ক্ষেত্রে তারা সহায়তা ও উপহার দিলেও অতীতে সেই সহযোগিতার যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি বলে তিনি মন্তব্য করেন।
 

তিনি আরও বলেন, চীন এমন একটি দেশ, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করেই সহযোগিতা করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্পে তাদের অংশগ্রহণ দুই দেশের বন্ধুত্বেরই প্রতিফলন।
 

শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশের আধিপত্য মেনে নেওয়ার প্রশ্নই আসে না। পারস্পরিক সম্মান ও ন্যায়ের ভিত্তিতেই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।
 

অনুষ্ঠানে উপস্থিত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জামায়াতে ইসলামীর সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, দলটি মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে এবং মিরপুরের বাসিন্দাদের জন্য এই সহায়তা কর্মসূচিও তারই একটি উদাহরণ।
 

চীনা রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে এ সম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখবে।

Link copied!