ছবি: সংগৃহীত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়েছে। ফলে গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত এ ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ছিল ১৯ হাজার ৪৪৫টি, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকা।
অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭ হাজার ৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা।
পুলিশ জানায়, ঈদের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়ে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বুধবার গার্মেন্টস ছুটি থাকায় এ চাপ আরও বাড়তে পারে। মঙ্গলবার রাতেও মহাসড়কে গাড়ির চাপ লক্ষ্য করা গেছে।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘আগে থেকেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত যানজট হয়নি। ঈদযাত্রায় যমুনা সেতুর দুপাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এরমধ্যে দুপাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আশা করছি নির্বিঘ্নেই যানবাহন পারাপার হতে পারবে।’
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে টোল আদায় করে আসছে কর্তৃপক্ষ। পূর্বে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) টোল আদায়ের দায়িত্বে ছিল। সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় কার্যক্রম পরিচালনা করছে।