মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০৫:০৮ পিএম

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি ব্যাংকে হামলার হুমকি ইরানের

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যজুড়ে দেশ দুটির ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানে একটি ইরানি ব্যাংকে হামলার ঘটনার পর এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, সাম্প্রতিক হামলার পর ইরান প্রতিপক্ষের অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোকে লক্ষ্যবস্তু করার সিদ্ধান্ত নিয়েছে।

ইব্রাহিম জোলফাঘারি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের আশপাশে সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, এসব স্থাপনার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থান না করাই নিরাপদ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংকের একটি ভবন সাম্প্রতিক হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এতে ওই ব্যাংকসহ আরেকটি রাষ্ট্রীয় ব্যাংক মেল্লির কিছু সেবা সাময়িকভাবে ব্যাহত হয়েছে।

অন্যদিকে বিবিসি অ্যারাবিকের প্রতিবেদনে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, তেহরানের একটি ব্যাংকে বিমান হামলার ঘটনায় কয়েকজন কর্মী নিহত হয়েছেন। ওই সময় তারা বেতন বিতরণের প্রস্তুতির জন্য বিশেষ শিফটে কাজ করছিলেন বলে জানা গেছে।

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই হুঁশিয়ারি নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা। বিশ্লেষকদের মতে, সংঘাত আরও বিস্তৃত হলে অঞ্চলজুড়ে অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর এর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

 

Link copied!