রাজধানীর খিলক্ষেতের রিজেন্সি হোটেলে এসি মেরামতের কাজ করার সময় শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারজন কর্মচারী দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধরা হলেন— মো. মনসুর আলী (৩২), মো. আব্দুল মতিন (৬৭), মোহাম্মদ মাহি (১৭) ও মো. আব্দুল জলিল (৬৭)। তারা সবাই রিজেন্সি হোটেলের কর্মচারী বলে জানা গেছে।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. ইমরান জানান, সকালে খিলক্ষেত এলাকার রিজেন্সি হোটেলের নিচতলায় এসির কাজ চলছিল। এ সময় হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সেখানে থাকা চারজন কর্মচারী দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, খিলক্ষেতের একটি হোটেল থেকে চারজন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মনসুর আলীর শরীরের প্রায় ২১ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া আব্দুল মতিন ও মাহিরের শরীরের ৫ শতাংশ করে এবং আব্দুল জলিলের শরীরের প্রায় ৭ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি জানান, দগ্ধদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য তিনজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।