প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ১২:৩৫ পিএম

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর ২০২৫-২৬ অর্থবছরের ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এ বৈঠকে দেশের বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্পের অনুমোদন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভা সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে মোট ১৭টি বড় প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। দেশের অবকাঠামো ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতেই এই প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছে।

প্রকল্প বিশ্লেষণে দেখা যায়, ভৌত অবকাঠামো খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের অধীনে ৪টি এবং কৃষি, পানি-সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অধীনে আরও ২টি প্রকল্প রয়েছে। পাশাপাশি একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি ছোট-বড় প্রকল্প সভায় উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এই সভাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গত ৬ এপ্রিল অনুষ্ঠিত একনেকের প্রথম সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। আজকের সভায় প্রকল্পের সংখ্যা ও ব্যয়ের পরিমাণ—উভয় দিক থেকেই সরকারের উন্নয়ন পরিকল্পনার বিস্তৃত পরিসরের প্রতিফলন লক্ষ্য করা গেছে।

Link copied!