এপ্রিল ২৭, ২০২৬, ০২:০৫ পিএম
বুলেট বৈরাগী, ছবি: সংগৃহীত।
কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, গ্রেপ্তার সবাই চিহ্নিত ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ এপ্রিল গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে এবং পরদিন সকালে মরদেহ উদ্ধার করা হয়।
র্যাবের তথ্য অনুযায়ী, কুমিল্লায় বাস থেকে নামার পর বুলেট বৈরাগীকে জোর করে একটি সিএনজিতে তুলে নেয় ছিনতাইকারীরা। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয় তাকে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি নগরীর রাজগঞ্জ এলাকায় বসবাস করতেন।
কর্মস্থলের সূত্র জানায়, তিনি ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে গত ১১ এপ্রিল চট্টগ্রাম যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে ঢাকাগামী বাসে রওনা হন।
সবশেষ রাত ১টা ২৫ মিনিটে তিনি ফোনে পরিবারকে জানান, তিনি কুমিল্লা নগরীর টমছমব্রিজ চৌরাস্তার মোড়ে পৌঁছেছেন। এরপর থেকেই তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরদিন সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
র্যাব জানিয়েছে, এই হত্যাকাণ্ডে জড়িত অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।