বিএনপির সময় কখনোই শেয়ার বাজারে লুটপাট হয়নি, এবারও লুটপাটের সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০১:২৮ পিএম

বিএনপির সময় কখনোই শেয়ার বাজারে লুটপাট হয়নি, এবারও লুটপাটের সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী

ফাইল ছবি।

শেয়ারবাজারে অনিয়ম বা লুটপাটের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সংশোধন বিল ২০২৬ উত্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বিএনপি সরকারের সময়ে শেয়ারবাজারে লুটপাটের নজির নেই এবং বর্তমান সময়েও এ ধরনের পরিস্থিতি তৈরি হতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, অতীতে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে যোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে এবং সেই ধারা অব্যাহত থাকবে।

তবে এ বিষয়ে ভিন্ন মত তুলে ধরেন আখতার হোসেন। সংসদে বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে বয়সসীমা শিথিল করার সিদ্ধান্ত ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। তার আশঙ্কা, এতে ব্যাংক খাতে অনিয়মের সুযোগ বাড়তে পারে।

এর জবাবে অর্থমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশেই এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারিত থাকে না। বরং কঠোর বয়সসীমা অনেক সময় যোগ্য ব্যক্তিদের সুযোগ থেকে বঞ্চিত করে।

এদিন সংসদে বিশেষ কমিটির সুপারিশ অনুযায়ী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল ২০২৬ পাস হয়। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সংশোধনের মাধ্যমে আর্থিক খাতে স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে।

Link copied!