ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক পরিস্থিতির চাপে দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন করে এক লাখ টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে মে মাসজুড়ে জ্বালানি তেলের দাম আর না বাড়িয়ে বর্তমান পর্যায়েই রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন পায়। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অস্থিরতা—বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার প্রভাবে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে জরুরি চাহিদা মেটাতে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে মাজেদা অয়েল কোম্পানি লিমিটেড থেকে এক লাখ টন ডিজেল আমদানি করা হবে।
এ জন্য প্রায় ১ হাজার ৭৫৭ কোটি টাকার প্রস্তাব উত্থাপন করা হলে কমিটি তা অনুমোদনের সুপারিশ করে। এর আগে একই কমিটি আরও দেড় লাখ টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির অনুমোদন দিয়েছিল।
বিশ্ববাজারে সরবরাহ সংকট বাড়ায় দেশের পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘদিন ধরে জ্বালানি নিতে ভিড় দেখা গেছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আমদানিতে চাপ তৈরি হয়।
এ পরিস্থিতিতে গত ১৮ এপ্রিল জ্বালানির দাম বাড়ানো হয়। বর্তমানে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন দাম কার্যকর রয়েছে। তবে মে মাসে নতুন করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।