ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ১২:১৫ পিএম

ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার লাকুড়িয়াপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা।

নিহত নাহিদা আক্তার (১৬) ধামরাই সেন্ট্রাল স্কুল থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। তার মা লিজা আক্তার প্রবাসী এবং বাবা নূর হোসেন বরিশালে বসবাস করেন। নাহিদা তার নানির সঙ্গে ধামরাইয়ে থাকতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে নাহিদার নানি দুধ আনার জন্য বাইরে গিয়েছিলেন। পরে বাড়ি ফিরে এসে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং পুরো ঘরের মেঝে রক্তে ভরা ছিল। কে বা কারা ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এ সময় তার গলায় ও কানে থাকা স্বর্ণের গহনাও নিয়ে যায় দুর্বৃত্তরা।

গুরুতর অবস্থায় নাহিদাকে দ্রুত নয়ার হাটের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি নাজমুল হুদা বলেন, খবর পেয়ে রাত ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

Link copied!