কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বহিষ্কার সেই বিএনপি নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ০৩:১৪ পিএম

কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বহিষ্কার সেই বিএনপি নেতা

ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে একটি সরকারি কলেজে ইসলামী জলসা ও মসজিদের অনুদান চাওয়াকে কেন্দ্র করে বিএনপি নেতার সঙ্গে এক কলেজ শিক্ষিকার হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবারের ওই ঘটনার পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দূর্গাপুরে দাওকান্দি সরকারী বিশ^বিদ্যালয় কলেজে ঢুকে ভাংচুর ও একজন শিক্ষিকার সাথে অশোভন আচরণের ঘটনা ঘটেছে দূর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীর বিরুদ্ধে।
সুতরাং দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে রাজশাহী জেলাধীন দূর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আকবর আলীকে বিএনপি’র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে আকবর আলী বলেন, এ বিষয়ে আমি জানি না। সেদিন এলাকার মুরব্বিরা দাওয়াত পত্র নিয়ে গেছিল। এসময় ম্যাডাম হীরা বলেন- আপনারা কি জন্য এখানে। আপনারা টাকা নিতে আসছেন নাকি? এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে কলেজটিতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এতে কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়।

Link copied!