ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বুধবার বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য দিন নির্ধারণ করেন।
এদিকে আইভীর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলার জামিন বিষয়ে আপিল বিভাগ আগামী ৩ মে আদেশ দেবেন। এ সংক্রান্ত শুনানিতে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম-এর নেতৃত্বাধীন বেঞ্চ দিন নির্ধারণ করেন।
এর আগে ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পেলেও আপিল বিভাগ তা স্থগিত করে দেয়।
সর্বশেষ দুই মামলায় জামিন পাওয়ায় তার আইনগত অবস্থানে নতুন অগ্রগতি তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।