ছবি: সংগৃহীত
জাকার্তায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। শুক্রবার জিবিকে হকি ফিল্ডে শক্তিশালী উজবেকিস্তানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা। আন্তর্জাতিক হকিতে এটি বাংলাদেশের মেয়েদের প্রথম জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে বাংলাদেশ দল। শুরুতেই রিমন শারিকার গোল করে দলকে এগিয়ে দেন। তবে উজবেকিস্তানের খুজায়েভা মাদিনাবোনু পেনাল্টি কর্নার থেকে দ্রুত সমতা ফেরান।
দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আক্তার কণা ফিল্ড গোল করে আবারও বাংলাদেশকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ম্যাচসেরা আইরিন রিয়া। শেষ কোয়ার্টারে উজবেকিস্তান পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলাদেশ।
দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে উজবেকিস্তান। আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।
আট দলের এই টুর্নামেন্টে শীর্ষ চার দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।