এপ্রিল ২৭, ২০২৬, ০৩:২৩ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। তবে জরুরি চিকিৎসা ও বিশেষ ক্ষেত্রে সীমিতভাবে যাত্রী চলাচল চালু থাকবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল সন্ধ্যা থেকে ৩০ এপ্রিল ভোর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় দুই দেশের মধ্যে নিয়মিত পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে, ফলে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়বে।
তবে পচনশীল পণ্য এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এসব পণ্য এলে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্বাচন উপলক্ষে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় প্রশাসনের নির্দেশনায় সীমান্ত দিয়ে মানুষ ও যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।
ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, সাধারণ যাত্রী চলাচল সীমিত থাকলেও মেডিকেল ভিসাধারীরা জরুরি প্রয়োজনে ভারতে যেতে পারবেন। এছাড়া পশ্চিমবঙ্গের ভোটাররা ভোট দিতে নিজ রাজ্যে ফিরতে পারবেন।
বেনাপোল বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা বলছেন, সাময়িক এই বন্ধের কারণে পণ্য পরিবহনে কিছুটা চাপ তৈরি হতে পারে। তবে নির্বাচন শেষে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সকাল থেকে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।