এপ্রিল ২৮, ২০২৬, ০১:০৯ পিএম
ফাইল ছবি
দেশে বর্তমানে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ বলেন, দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। আরও ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল ৩০ এপ্রিলের মধ্যে আসবে। জ্বালানি তেলের কোনো সংকট নেই। বিভিন্ন তেলের পাম্পে দীর্ঘ লাইন নেই। এ সংকট শিগগিরই দূর হবে।
তিনি আরও বলেন, গণমাধ্যমে ভুল তথ্য ও অপতথ্য প্রচার সরকার কোনোভাবেই সহ্য করবে না। তবে তিনি গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়ে বলেন, সরকারের আরও বেশি বেশি যৌক্তিক সমালোচনা করুক গণমাধ্যম। কিন্তু কোনোভাবেই ভুল বা অপতথ্য প্রচার নয়।
জঙ্গি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলাদেশে জঙ্গি আছে, এটা ঠিক। এতে খানিকটা ঝুঁকি তৈরি করেছে। তবে এই ঝুঁকি এমন পর্যায়ে যায়নি, যে জনগণকে ভয় পেতে হবে। অপরদিকে, আওয়ামী লীগের সময়ে জঙ্গি নিয়ে যে অধিক প্রচার করা হয়েছে, সেটি সত্য নয়। আবার অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল, দেশে কোনো জঙ্গি নেই, সেটিও সত্য নয়।
সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি জানান, সীমান্তে হত্যা ৭৫ শতাংশ কমেছে।এটি পুরোপুরি শূন্যে নেমে আসুক সেটি চাই। প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় এটি সম্ভব।