এপ্রিল ৩০, ২০২৬, ১২:১২ পিএম
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে ১২ দফা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় একাধিক সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সাপ্তাহিক কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করতে বিভিন্ন সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন উন্নয়ন করা হচ্ছে। পাশাপাশি মাতুয়াইল ল্যান্ডফিলকে আধুনিক প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
সবুজায়নের অংশ হিসেবে সড়কের মিডিয়ান, উন্মুক্ত জায়গা এবং অব্যবহৃত স্থানে ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। নগর বনায়নের আওতায় নতুন বনাঞ্চল তৈরি এবং আগামী পাঁচ বছরে লাখো গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি স্থানেও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। বায়ুদূষণ কমাতে আধুনিক বাস সার্ভিস চালু ও বৈদ্যুতিক বাস সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধ ইটভাটা বন্ধ, দূষণকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান এবং নির্মাণকাজে সৃষ্ট ধুলাবালি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
নদী ও খাল দূষণ রোধে শিল্পপ্রতিষ্ঠানে বর্জ্য পরিশোধন ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে শতাধিক প্রতিষ্ঠানে এই ব্যবস্থা চালু হয়েছে এবং তা পর্যবেক্ষণের জন্য প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।
সরকারের এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে ধীরে ধীরে ঢাকা একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।