এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর ইউনিটে শুরু হয়েছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করল বাংলাদেশ।
আজ মঙ্গলবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২০২৩ সালের সেপ্টেম্বরে দেশে আসা ইউরেনিয়াম এসেম্বলিগুলোই এদিন এক নম্বর ইউনিটে প্রবেশ করানো হয়। এর ফলে পারমাণবিক শক্তি ব্যবহারের এলিট ক্লাবে ৩৩তম দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।
প্রকল্প এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি বাংলাদেশের এই অগ্রযাত্রাকে স্বাগত জানান। এছাড়া রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচেভ ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।
সরকারের নীতিনির্ধারকরা জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে রূপপুর প্রকল্পে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তাদের আশা, এই প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রূপপুর প্রকল্পের দুটি ইউনিট মিলিয়ে মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে আগামী বছরের শেষ দিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ শুরু করবে কেন্দ্রটি।