প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০১:১৫ পিএম

প্রতি কিলোমিটারে বাস ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার বাসসহ আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহন ভাড়া বাড়ানোর বিষয়ে শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে দূরপাল্লার গাড়িতে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আন্তঃজেলার প্রতি কিলোমিটারেও বাড়ানো হবে ১১ পয়সা।”

তিনি আরও জানান, ডিজেলচালিত বাসে এই ভাড়া বৃদ্ধি কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি প্রযোজ্য হবে না। একই সঙ্গে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও পুনরায় কমানো হবে বলে তিনি উল্লেখ করেন। রেল ও নৌ পরিবহনের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে সরকারের নির্ধারিত দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে এই হার কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা।

এর আগে ২২ এপ্রিল সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নতুন বাস ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা শেষে মন্ত্রী জানান, তখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং বৃহস্পতিবার বিষয়টি নির্ধারণ হবে বলে জানানো হয়েছিল।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দাবি করেছে, পরিবহন খাত বর্তমানে তীব্র আর্থিক চাপের মধ্যে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় যানবাহনের যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল পরিবহন নেতারা।

এর আগে ১৮ এপ্রিল রাতে বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস ভাড়া পুনর্নির্ধারণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। রাত ১০টার দিকে বৈঠকটি শেষ হয়। এতে বিআরটিএর কর্মকর্তা, পরিবহন মালিক–শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি খসড়া করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয় থেকেই খসড়া প্রস্তাব চুড়ান্ত হয়ে নির্দিষ্ট কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ক চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

উল্লেখ্য, এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন এই দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। অকটেন ১২০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৯ টাকা বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৮ টাকা বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Link copied!