ভারতের বিধান সভা নির্বাচন

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ১০:৩৫ এএম

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দিনের জন্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভারতের বিধানসভা নির্বাচন এবং শুক্রবার (২৪ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ সময়ে বন্দরের মাধ্যমে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি পানামা পোর্টের ভেতরে পণ্য লোড-আনলোড এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিকভাবে চলছে।

বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, বৃহস্পতিবার ভারতের বিধান সভা নির্বাচন ও আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ২ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি বাণিজ্য। তবে আগামী শনিবার থেকে যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে একদিনের জন্য আমদানি-রফতানি বন্ধ রেখেছে ভারতের ব্যবসায়ীরা। ফলে বন্ধ রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য বাণিজ্য। তবে বন্দরের অভ্যন্তরে স্বাভাবিক রয়েছে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কার্যক্রম।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

Link copied!