১২ বছর পর নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে বালাদেশের সিরিজ জয়

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৬, ০৭:৪৯ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে বালাদেশের সিরিজ জয়

ছবি: সংগৃহীত

চোটের কারণে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেননি পেসার মোস্তাফিজুর রহমান। তবে তৃতীয় ও শেষ ম্যাচে ২২ গজে ফিরেই সে আক্ষেপ মেটালেন কাটার মাস্টার। স্লোয়ার, কাটার ও বাউন্সারের মতো বৈচিত্র্যময় বোলিং নৈপুণ্যে নিউজিল্যান্ডের ৫ ব্যাটারকে একাই শিকার করে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় উপহার দিলেন বাংলাদেশকে। ব্যাট হাতে লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্বটা অবশ্য নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের।

চট্টগ্রামে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিউইদের ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। মোস্তাফিজ ও নাহিদদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রানেই থেমে যায় সফরকারীরা। এ ম্যাচে ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। অন্যদিকে, ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করে ১০৫ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত।

রান তাড়ায় নেমে শুরু থেকেই টাইগার বোলারদের চাপে পড়ে নিউজিল্যান্ড। ওপেনার নিক কেলি ছাড়া ক্রিজে সুবিধা করতে পারছিলেন না আর কোনো কিউই ব্যাটার। ১০ বলে ৪ রান করে দলীয় ৮ রানে মোস্তাফিজের শিকার হয়ে সাজঘরে ফেরেন হেনরি নিকোলস। ২৫ বলে ১৯ রান করে নাহিদ রানার শিকার হয়ে ফেরেন ওয়ান ডাউনে নামা উইল ইয়াং। এরপর ক্রিজে নেমে কেলিকে সঙ্গ দিতে ব্যর্থ হন ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম ল্যাথাম। ১৩ বলে ৫ রান করে মেহেদী মিরাজের বলে ক্যাচ তুলে দেন তিনি।

দলকে শতরানে পৌঁছে দিয়ে বিদায় নেন কিউইদের হয়ে লড়াই চালিয়ে যাওয়া কেলিও। ৮০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দেন তিনি। দলীয় ১২৪ রানে সফরকারীদের পঞ্চম উইকেট তুলে নিয়ে ম্যাচ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় লাল সবুজরা। ৩৬ বলে ২৫ রান করা মুহাম্মদ আব্বাসকে ফেরান শরিফুল ইসলাম।

Link copied!