ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভারত–বাংলাদেশের সম্পর্ক যেন কোনোদিন উন্নতি না হয়: আসামের মুখ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৩:২৮ পিএম

ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভারত–বাংলাদেশের সম্পর্ক যেন কোনোদিন উন্নতি না হয়: আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, ছবি: সংগৃহীত।

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা প্রকাশ্যে বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নতি হোক এটা তিনি চান না। এক সাক্ষাৎকারে দেওয়া এমন মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে দুই দেশের কূটনৈতিক প্রেক্ষাপটে।

ভারতীয় গণমাধ্যম এবিপিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি কঠোর থাকলে আসামের জন্য তা বেশি নিরাপদ বলে মনে করেন। তার মতে, দুই দেশের সম্পর্ক ভালো হলে সীমান্ত ব্যবস্থাপনায় শিথিলতা আসে, যা অনুপ্রবেশ ঠেকাতে বাধা তৈরি করে।

একই সাক্ষাৎকারে তিনি সীমান্তে কথিত ‘পুশ-ব্যাক’ কার্যক্রম নিয়েও মন্তব্য করেন। তার দাবি, নির্দিষ্ট পরিস্থিতিতে সীমান্তরক্ষী বাহিনী সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের ধরে রাখে এবং পরে সুযোগ বুঝে ফেরত পাঠায়।

‘আমি তো সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে পরিস্থিতি ইউনূসের সময়ে ছিল, সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়।’

তবে তার এমন বক্তব্যের সময়কাল নিয়েও প্রশ্ন উঠেছে। সম্প্রতি ভারত সরকার দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে, যা দুই দেশের সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লি যখন সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছে, তখন আঞ্চলিক এক নেতার এমন মন্তব্য ভিন্ন সুর তৈরি করছে। এতে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্নও উঠে আসছে।

তবে এ বিষয়ে ভারত সরকারের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

Link copied!