বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৭:১০ পিএম

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

দিনেশ ত্রিবেদী, ছবি: সংগৃহীত।

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি শিগগিরই ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে দায়িত্বে থাকা প্রণয় ভার্মাকে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ঢাকায় একজন অভিজ্ঞ ও বাংলাভাষী কূটনীতিক নিয়োগ দিতে চেয়েছিল দিল্লি। সেই বিবেচনায় দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থাকা দিনেশ ত্রিবেদীকেই বেছে নেওয়া হয়েছে।

রাজনৈতিক জীবনে দিনেশ ত্রিবেদী একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন এবং বিভিন্ন সময়ে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া পশ্চিমবঙ্গের ব্যারাকপুর আসন থেকে লোকসভার সদস্যও ছিলেন তিনি।

রাজনীতির শুরু কংগ্রেসের মাধ্যমে হলেও পরে তিনি জনতা দলে যোগ দেন। পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। ২০২১ সালে তিনি ওই দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তে যোগ দেন।

বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গতিশীল করতে অভিজ্ঞ এই রাজনীতিকের নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Link copied!