পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ০৩:৫১ পিএম

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: সংগৃহীত

বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া পুনর্নির্ধারণ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সভায় এখনো পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ হয়নি। বাস-ট্রাকসহ পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হবে।

এদিকে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি জানিয়েছে, পরিবহণ খাত বর্তমানে বাড়তি আর্থিক চাপে রয়েছে। তাদের মতে, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের ঊর্ধ্বগতির কারণে আমদানিকৃত যন্ত্রাংশ ও যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এই পরিস্থিতিতে পরিবহণ খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানি মূল্য ও রক্ষণাবেক্ষণ ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন পরিবহণ সংশ্লিষ্ট নেতারা।

এর আগে গত রোববার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির কর্মকর্তা এবং পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া পুনর্নির্ধারণের একটি খসড়া প্রস্তুত করা হয়েছে এবং শিগগিরই মন্ত্রণালয় থেকে তা চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, এর আগে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Link copied!