নিরাপত্তাহীনতার অভিযোগ, নিজ এলাকায় যেতে সংসদে সুরক্ষা চাইলেন হান্নান মাসউদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৮:০৫ পিএম

নিরাপত্তাহীনতার অভিযোগ, নিজ এলাকায় যেতে সংসদে সুরক্ষা চাইলেন হান্নান মাসউদ

ছবি : সংগৃহীত

নিজ নির্বাচনী এলাকায় যাতায়াতে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে জাতীয় সংসদে সুরক্ষা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হান্নান মাসউদ। তিনি বলেন, বারবার হামলার আশঙ্কা ও হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোমবার সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে হাতিয়া থেকে ফেরার পথে তার ওপর হামলার প্রস্তুতি ছিল বলে প্রশাসনিকভাবে তথ্য পেয়েছেন। এর আগেও নির্বাচনের সময় একাধিকবার আক্রমণের শিকার হয়েছেন বলেও জানান তিনি।

হান্নান মাসউদ বলেন, তার সমর্থকদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। এমনকি তার জন্য দোয়া করায় এক মসজিদের ইমামকে মারধরের অভিযোগও তুলে ধরেন তিনি। এসব ঘটনার প্রেক্ষিতে তিনি সংসদে প্রশ্ন তোলেন তার নিরাপত্তার দায়িত্ব সরকার নেবে কি না।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে নিজের এলাকায় নিরাপদে যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অথচ অভিযোগ থাকা সত্ত্বেও কার্যকর কোনো প্রতিকার তিনি পাচ্ছেন না।
তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি আমলে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। তিনি সংসদ সদস্যকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দাখিলের পরামর্শ দেন এবং আশ্বস্ত করেন আইনের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
 

Link copied!