এপ্রিল ২২, ২০২৬, ১১:৫৭ এএম
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের জন্য সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখার উপসচিব আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করা হবে।
এতে আরও উল্লেখ করা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ১১ মার্চ ২০২৬ তারিখের পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় এই দিবসটি যথাস্থানে অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে।
সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ১৬ এপ্রিল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিব নাসিমুল গণি জানান, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস আগে পালন করা হতো, পরে তা বন্ধ ছিল এবং এখন আবার তা ফিরিয়ে আনা হয়েছে। তিনি আরও বলেন, এদিন সরকারি ছুটি থাকবে।
এছাড়া ৬ জুলাই থেকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হবে, তবে ওই দিনে সরকারি ছুটি থাকবে না বলেও জানানো হয়।