অর্থ আত্মসাতের অভিযোগে মুখ খুললেন রিফাত রশিদ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০২:০১ পিএম

অর্থ আত্মসাতের অভিযোগে মুখ খুললেন রিফাত রশিদ

রিফাত রশিদ, ছবি: সংগৃহীত

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার অর্থ নিয়ে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ। তিনি বলেছেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদকসহ যেকোনো তদন্ত সংস্থাকে স্বাগত জানানো হবে।

শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গণভোটের প্রচারণা সংক্রান্ত সব আর্থিক লেনদেন যথাযথ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষিত রয়েছে।

রিফাত রশিদ বলেন, গণভোটের প্রচারণার জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে একটি ফাউন্ডেশন গঠন করা হয়, কারণ সংগঠনটি সরাসরি নিবন্ধিত না থাকায় অনুদান গ্রহণে জটিলতা ছিল।

তিনি আরও লেখেন, ‘সেই ফাউন্ডেশনে সিনথিয়াও যুক্ত ছিল। তিনি শুরুতে থাকতে সম্মত হন এবং প্রয়োজনীয় তথ্য প্রদানসহ স্বাক্ষরও করেন। কিন্তু পরবর্তীতে তিনি গণভোটের কোনো কার্যক্রমে যুক্ত থাকবেন না এবং দায়িত্ব নিতে পারবেন না বলে হঠাৎ সরে দাঁড়ান। পাশাপাশি তিনি বলেন তাকে যদি ফাউন্ডেশনে রাখা হয়, তাহলে তিনি সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি ক্ষতিগ্রস্ত করবেন। পরবর্তীতে তাকে বাদ দিয়েই ফাউন্ডেশনের রেজিস্ট্রেশন নেওয়া হয়।’

পোস্টে তিনি আরও জানান, ‘পরবর্তীতে গণভোটের ক্যাম্পেইনকে সামনে রেখে আমাদের ১৫ দিনব্যাপী পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৫ কোটি টাকা প্রদানের বিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়। তবে ভোটের আগে সময়স্বল্পতার কারণে বাংলাদেশ ব্যাংক রেজিস্টারকৃত সেড ফাউন্ডেশনকে ৭ দিনের প্রচারণার জন্য ১ কোটি টাকা প্রদান করে।’

‘এরপর আপনারা জানেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারাদেশব্যাপী ৭ দিন গণভোটের ক্যাম্পেইন পরিচালনা করা হয়। পরবর্তীতে এই ক্যাম্পেইনের সম্পূর্ণ আর্থিক হিসাব বাংলাদেশ ব্যাংকের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করা হয় এবং সেই অডিট রিপোর্ট বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।’

এদিকে সংগঠনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গণভোটের অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম হয়েছে এবং তথ্য গোপন করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। তার এই বক্তব্যের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

রিফাত রশিদ এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, কোনো প্রমাণ ছাড়াই এমন অভিযোগ আনা হয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা।

তিনি জানান, সংগঠনের অভ্যন্তরীণ কিছু সাংগঠনিক জটিলতা থাকলেও তা সমাধানে নতুন কাঠামো গঠন করা হয়েছে এবং শিগগিরই কার্যক্রম স্বাভাবিক হবে।

এ ঘটনায় এখন তদন্ত হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Link copied!