ছবি: সংগৃহীত
সকালের শুরুতেই মুষলধারে বৃষ্টিতে রাজধানীজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির প্রভাবে সড়কে যান চলাচল ধীর হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (২৯ এপ্রিল) রাতের ঘন কালো মেঘ কেটে ভোরের আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। শুরুতে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকলেও পরে টানা মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতির অবনতি ঘটে। রাস্তায় যান চলাচল ধীর হয়ে পড়ায় যাত্রীদের নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় লাগছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ ধরনের বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং তা ৫ মে পর্যন্ত স্থায়ী হতে পারে। সতর্কতাস্বরূপ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, দেশের সব বিভাগেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।