সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ হজযাত্রী, একজনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২৬, ১১:৪০ এএম

সৌদি পৌঁছেছেন ২০ হাজার ৫৬৩ হজযাত্রী, একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে যান। একই সঙ্গে হজে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার প্রকাশিত হজের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন অনুযায়ী, বিমান সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে জানা গেছে, বুধবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, সৌদি এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং ফ্লাইনাসের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।

এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৬৯৩ জন।

চলতি বছরের হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নইম উদ্দীন মন্ডলের বাড়ি জয়পুরহাট সদর উপজেলা। 

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ওই দিন ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

Link copied!