ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০২:৩১ পিএম

ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) সকালে সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ময়মনসিংহের কিছু অঞ্চলসহ তিনটি জেলায় প্রবল বর্ষণের কারণে মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। বিশেষ করে এসব এলাকায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের ফসল নষ্ট হয়েছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস তাদের সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, তিন দিন আগে আবহাওয়া প্রতিবেদনের ভিত্তিতে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জ জেলার স্থানীয় প্রশাসনকে আগাম নির্দেশনা দিয়েছিলেন। সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিবেচনায় রেখে কী ধরনের পূর্বপ্রস্তুতি নেওয়া যায়, সে বিষয়ে তাদের সতর্ক থাকতে বলা হয়েছিল।

প্রধানমন্ত্রী আরও জানান, আজ সকালে সংসদ অধিবেশন শুরুর আগেই তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে প্রবল বর্ষণের কারণে ময়মনসিংহের কিছু এলাকাসহ এই তিন জেলায় মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কৃষকদের চিহ্নিত করে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

Link copied!