এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: ভিডিও থেকে নেওয়া
গণভোটের রায় কার্যকর হলেই দেশে প্রকৃত অর্থে ফ্যাসিবাদের অবসান ঘটবে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়েও সমালোচনা করেন।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। গণভোটের ফল বাস্তবায়নের দাবিতে এই সমাবেশে জুলাই শহীদ পরিবার ও আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান বলেন, বিএনপি নিজেদের ঘোষিত কর্মসূচি থেকে সরে গিয়ে রাজনৈতিক অবস্থান দুর্বল করছে। তার ভাষায়, এতে দলটি নিজেদের পরিচয় নিয়েই বিভ্রান্তিতে পড়েছে। তিনি আরও বলেন, দেশের চলমান সংকট থেকে বের হতে হলে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।
সমাবেশে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ধারালো অস্ত্র নিয়ে শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি এবং বলেন, প্রয়োজন হলে আন্দোলনের চেতনা আবারও জাগ্রত হতে পারে।
একই মঞ্চে বক্তব্য দেন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং সরকার দ্রুত জনসমর্থন হারাচ্ছে।
সমাবেশে বক্তারা রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।