এপ্রিল ২৫, ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনী। আগুনের ঝুঁকি বাড়তে থাকায় কর্তৃপক্ষ ইতোমধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইওয়াতে অঞ্চলের পাহাড়ি বনাঞ্চলে কয়েক দিন আগে শুরু হওয়া এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত প্রায় ৭০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে।
ওৎসুচি শহরের আশপাশে ঘন ধোঁয়ার বিশাল স্তম্ভ দেখা যাচ্ছে, যার প্রভাব কয়েক কিলোমিটার দূর থেকেও টের পাওয়া যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ফেলা হচ্ছে এবং স্থলপথে দমকল কর্মীরা বসতবাড়ির কাছে আগুন ঠেকানোর চেষ্টা করছেন।
আগুন নেভাতে প্রায় ১ হাজার ৩০০ জনের বেশি দমকলকর্মী, একাধিক হেলিকপ্টার এবং জাপান আত্মরক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত আটটি স্থাপনা পুড়ে গেছে। তবে আগেই বাসিন্দাদের সরিয়ে নেওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, দ্রুত বৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা করছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, শুষ্ক আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জাপানে সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের ঝুঁকি বাড়ছে। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় বনাঞ্চল দ্রুত আগুনে পুড়ে যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।