চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০১:০০ পিএম

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩ মে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। সফর উপলক্ষে সাদা পোশাকের সিরিজের জন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে থাকবেন শান মাসুদ।

ঘোষিত দলে চারজন নতুন মুখ রয়েছেন—আমাদ বাট, আবদুল্লাহ ফজল, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে টেস্ট দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সরফরাজ আহমেদ। তাঁর অধীনেই ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছিল পাকিস্তান, যেখানে ভারতকে হারিয়েছিল দলটি। ব্যাটিং কোচ হিসেবে থাকবেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্বে থাকবেন উমর গুল।

সফরসূচি অনুযায়ী, ২৭ এপ্রিল করাচিতে অনুশীলন ক্যাম্প শুরু করবে দল। ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশে রওনা দেবে পাকিস্তান দল এবং ৩ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ৩ মে অনুষ্ঠিত হওয়ায়, টেস্ট দলে থাকা কেউ ফাইনাল খেললে পরে বাংলাদেশে যোগ দেবেন।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুই ম্যাচই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

পাকিস্তানের ঘোষিত টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, সালমান আলী, আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, হাসান আলী, ইমাম উল হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মুহাম্মদ গাজী ঘোরি, নোমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল।

Link copied!