এপ্রিল ১৯, ২০২৬, ০২:৫৭ পিএম
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী | ফাইল ছবি
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, সরকারি তহবিলে চাপ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ রোববার বিশ্বব্যাংক-আইএমএফের বসন্তকালীন বৈঠক নিয়ে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জনগণের স্বার্থ সংরক্ষণের বাইরে গিয়ে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে কোনো ঋণ নেবে না সরকার।’
এদিকে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যুদ্ধকালীন বৈশ্বিক পরিস্থিতির কারণে সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন দেশও একইভাবে দাম সমন্বয় করছে।
তিনি বলেন, ‘ব্যাপার হচ্ছে একটা যুদ্ধকালীন অবস্থার মধ্যে আমরা আছি। সারা বিশ্ব তাদের তেলের দাম এডজাস্ট করেছে। এমনকি আমেরিকাও পাঁচ ডলার বাড়িয়েছে। তো সেইখানে আমরা বাংলাদেশে যুদ্ধ লাগার পর থেকে ইম্পোর্ট করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস এডজাস্টমেন্ট করেছি।’
মন্ত্রী আরও বলেন, বৈদেশিক মুদ্রা ব্যয় করে জ্বালানি আমদানি করতে হয় এবং সেই চাপ সামাল দিতেই দাম সমন্বয় করা হয়েছে। তিনি বলেন, ‘এটা করতে বাধ্য হইছি আমরা। কেননা এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং সেটা যাতে কিছু বাড়িয়ে আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি সেই ব্যবস্থা করেছি।’
তিনি জানান, দাম বাড়ানো হলেও সরকার এখনো ভর্তুকি দিচ্ছে। তিনি বলেন, ‘ভর্তুকি এখনো আছে। ইফ ইউ ওয়ান্ট অ্যাকুরেট হিসাব তাহলে আমার মন্ত্রণালয়ে যেয়ে বসে ওখান থেকে নিতে হবে।’
জ্বালানিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের প্রভাব বিশ্বব্যাপী পড়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। তিনি বলেন, ‘যুদ্ধ মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের ওপরও প্রভাব আছে।’
এর আগে ইরান যুদ্ধকে ঘিরে বৈশ্বিক অস্থিরতার মধ্যে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়।
নতুন দর অনুযায়ী ডিজেল ৯৯ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা, পেট্রল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।