খুলনায় নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০৩:১০ পিএম

খুলনায় নিজের অস্ত্রের গুলিতে রেলপুলিশ সদস্যের মৃত্যু

ছবি: সংগৃহীত

কর্তব্যরত অবস্থায় নিজের ইস্যুকৃত অস্ত্রের গুলিতে খুলনা রেলওয়ে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

শনিবার ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান জানান।

নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত।

পুলিশ সুপার জানান, শনিবার ভোরে সম্রাট বিশ্বাস অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তিনি তার ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, ‘সম্রাট বিশ্বাস একজন ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন। পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেলেও এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু জানাননি।’

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনরা এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!