আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ১১:৩০ এএম

আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে

ছবি: সংগৃহীত

বর্তমান ইউনিফর্ম নিয়ে অসন্তোষের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সরকারকে পোশাক পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। একাধিক চিঠির মাধ্যমে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের নির্ধারিত নতুন পোশাক বাহিনীর সদস্যদের মধ্যে সন্তুষ্টি আনতে পারেনি।

এই প্রেক্ষাপটে খাকি প্যান্ট পুনরায় চালুর সুপারিশ করা হয়েছে। পাশাপাশি শার্টের রঙ নির্ধারণে মহানগর পুলিশের জন্য হালকা জলপাই এবং অন্যান্য ইউনিটের জন্য গাঢ় নীল রঙের প্রস্তাব করা হয়েছে।

গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অ্যাডিশনাল ডিআইজি সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত বছর বিদ্যমান ডিপ গ্রে শার্ট ও ডার্ক ব্লু প্যান্ট (মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে লাইট অলিভ শার্ট ও ডার্ক ব্লু প্যান্ট) পরিবর্তন করে নতুন রঙের ইউনিফর্ম চালু করা হয়। নতুন পোশাকে আয়রন টিসি শার্ট ও কফি রঙের প্যান্ট প্রবর্তন করা হয়েছিল।

চিঠিতে বলা হয়, ‍‍`পোশাক পরিবর্তনের ফলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ মনোভাব পরিলক্ষিত হয়। সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাকের রং পরিবর্তনের বিষয়ে পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়।‍‍`

এতে আরও বলা হয়, ‍‍`এই প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ধরনের নমুনা ও কালার পর্যালোচনা করে কয়েকটি নমুনা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শক্রমে শার্ট ও প্যান্টের কালার প্রাথমিকভাবে নির্বাচন করেন।‍‍`

নতুন প্রস্তাব সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, ‍‍`সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতক্রমে পুলিশের ইউনিফর্ম সকল মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে লাইট অলিভ রঙের শার্ট রং এবং খাকি প্যান্ট (টিসি টুইল খাকি) নির্ধারণ করা হয়েছে। আর অন্যান্য সকল পুলিশের ক্ষেত্রে ডিপ ব্লু রঙের শার্ট ও খাকি প্যান্ট নির্ধারণ করা হয়েছে (এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র‍্যাব ব্যাতীত)।‍‍`

এই প্রস্তাব বাস্তবায়নের জন্য পুলিশ ড্রেস রুলস, ২০২৫ সংশোধনের অনুমোদন প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ব্রিটিশ আমল থেকে ‘খাকি’ এই উপমহাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর পোশাকের প্রতীক হিসেবে পরিচিত। প্রস্তাবটি অনুমোদিত হলে প্রায় ২২ বছর পর আবারও পুলিশের ইউনিফর্মে খাকি ফিরবে।

এর আগে ২০০৪ সালে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকারের সময় পুলিশের ইউনিফর্মে পরিবর্তন আনা হয়। তখন মহানগর পুলিশের জন্য হালকা জলপাই শার্ট ও ডার্ক ব্লু প্যান্ট এবং অন্যান্য ইউনিটের জন্য ডিপ গ্রে শার্ট ও ডার্ক ব্লু প্যান্ট চালু করা হয়।

সর্বশেষ গত বছরের নভেম্বরে নতুন করে ইউনিফর্ম পরিবর্তন করে আয়রন টিসি শার্ট ও কফি রঙের প্যান্ট প্রবর্তন করা হয়। তবে সেই পরিবর্তন নিয়েও অসন্তোষ দেখা দেয়।

এরই মধ্যে নতুন পোশাক চালু করতে প্রায় ৭৬ কোটি টাকা ব্যয় হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে আবারও পোশাক পরিবর্তন কতটা যৌক্তিক—তা নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

Link copied!