এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৫২ পিএম
বিয়াম স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত কিছু সময় কাটান প্রধানমন্ত্রী। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু পড়াশোনায় নয়, নিয়মিত খেলাধুলার মধ্য দিয়েও শিশুদের বিকাশ নিশ্চিত করতে হবে।
শনিবার রাজধানীর ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর ট্রেনিং কাম ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠান শেষে বিয়াম স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান প্রধানমন্ত্রী।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশ নেওয়া জরুরি। এতে মন ভালো থাকে এবং শেখার ক্ষমতাও বাড়ে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। কেউ করমর্দন করেছে, কেউ অটোগ্রাফ চেয়েছে—শিশুদের স্বতঃস্ফূর্ত আনন্দে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো পরিবেশ।
এক পর্যায়ে একটি শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। তাদের পড়াশোনা ও দৈনন্দিন কার্যক্রম সম্পর্কে জানতে চান। শিশুরাও হাসিমুখে তার সঙ্গে কথোপকথনে অংশ নেয়।
খেলাধুলা নিয়ে কথা বলার সময় কয়েকজন শিক্ষার্থী তার কথায় সাড়া দিলে তিনি স্নেহভরে তাদের উৎসাহ দেন। উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারাও এই আন্তরিক মুহূর্ত উপভোগ করেন।
কিছু সময় কাটিয়ে শিক্ষার্থীদের বিদায় জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এর আগে, নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি তিনি জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। উল্লেখ্য, বিয়াম ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় এবং পরে ২০০২ সালে এটি ফাউন্ডেশনে রূপ নেয়।