পাকিস্তানে কূটনৈতিক দৌড়ঝাঁপ, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ নিয়ে নতুন অনিশ্চয়তা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৬, ০১:২০ পিএম

পাকিস্তানে কূটনৈতিক দৌড়ঝাঁপ, ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ নিয়ে নতুন অনিশ্চয়তা

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই আবারও আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা চলছে ইরান ও যুক্তরাষ্ট্রকে। এ লক্ষ্যে মার্কিন প্রতিনিধিরা পাকিস্তান সফরে যাচ্ছেন, তবে সরাসরি বৈঠকে বসার সম্ভাবনা আগেই নাকচ করে দিয়েছে তেহরান।

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে পাঠাচ্ছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যেকোনো আলোচনা হবে পরোক্ষভাবে, যেখানে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হচ্ছে, যখন যুদ্ধবিরতি থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ বেড়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, ইরানের অবস্থানে কিছু নমনীয়তা দেখা যাচ্ছে। তবে আলোচনার অগ্রগতি নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা নেই।

এদিকে জ্বালানি সরবরাহ সহজ রাখতে ‘জোনস অ্যাক্ট’ মওকুফের মেয়াদ আরও ৯০ দিন বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

তবে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইরান, লেবানন ও ইসরায়েল অঞ্চলে হতাহতের সংখ্যা বাড়ছে। লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে মাঝে মাঝে সংঘর্ষও দেখা যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, সরাসরি আলোচনা না হওয়ায় এই কূটনৈতিক উদ্যোগ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

Link copied!