এপ্রিল ২০, ২০২৬, ০৯:৫৮ এএম
ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে ঢাকায় দেশটির পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিজেপির জাতীয় তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রধান অমিত মালব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ত্রিবেদীকে অভিনন্দন জানিয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি লেখেন, “বিজেপির জ্যেষ্ঠ নেতা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ব্যারাকপুরের সংসদ সদস্য শ্রী দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশের নতুন ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন।”
তবে এ বিষয়ে ভারতের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। এক ভারতীয় কূটনীতিক এ বিষয়ে জানতে চাইলে মালব্যের পোস্টের দিকেই ইঙ্গিত করেন।
প্রতিবেদন অনুযায়ী, এই নিয়োগ কার্যকর হলে দিনেশ ত্রিবেদীই হতে পারেন বাংলাদেশে ভারতের প্রথম রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত দূত।
বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মা শিগগিরই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন-এ ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, ত্রিবেদীর নিয়োগের ক্ষেত্রে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সরকারের সম্মতি প্রয়োজন হবে। ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিককে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের প্রতি একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে।
দিনেশ ত্রিবেদী এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি দলটি থেকে পদত্যাগ করে একই বছরের ৬ মার্চ ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন।
এর আগে ভারতীয় গণমাধ্যমগুলোতে ঢাকায় হাইকমিশনার হিসেবে বিহারের সদ্য বিদায়ী গভর্নর ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আরিফ মোহাম্মদ খান-এর সম্ভাব্য নিয়োগ নিয়েও আলোচনা হয়েছিল।