যুক্তরাষ্ট্রের ৯ শহরে চলছে ‘রাক্ষস’

শোবিজ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১০:৩৬ এএম

যুক্তরাষ্ট্রের ৯ শহরে চলছে ‘রাক্ষস’

পরিচালক মেহেদি হাসান হৃদয় নির্মিত রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র রাক্ষস মুক্তির পরই দর্শক ও সংশ্লিষ্ট মহলে প্রশংসা কুড়িয়েছে। 

ঢাকাই ইন্ডাস্ট্রির আলোচিত নির্মাতা হিসেবে পরিচিত এই পরিচালকের নতুন সিনেমাটি এবার দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে।

আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া। গতকাল থেকে উত্তর আমেরিকার নয়টি শহরে ছবিটির প্রদর্শনী শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের এএমসি থিয়েটারস-এর একাধিক হলে সিনেমাটি চলছে, যার মধ্যে কলোরাডো, ফ্লোরিডা, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ম্যাসাচুসেটস, মিশিগান, ওহাইও, নর্থ ক্যারোলিনা ও ওকলাহোমা উল্লেখযোগ্য।

মুক্তি উপলক্ষে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, ভিন্নধর্মী ও শক্তিশালী গল্পের বাংলা সিনেমা আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তার ভাষায়, “রাক্ষস শুধু বিনোদন দেবে না, দর্শকের ভেতরেও নাড়া দেবে। উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে এটি স্মরণীয় অভিজ্ঞতা হবে।”

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে ভিন্ন এক রূপে হাজির হয়েছেন। পোস্টার ও প্রচারণাতেই তার নতুন লুক দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। রিয়েল এনার্জি প্রডাকশন-এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।

পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, “রাক্ষস কেবল অ্যাকশনধর্মী সিনেমা নয়; এটি মানুষের অন্তর্গত অন্ধকার দিক ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে।” তিনি আরও জানান, দর্শকদের জন্য থাকবে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা।

আন্তর্জাতিকভাবে এএমসি থিয়েটারস-এর মতো বড় হল চেইনে এই চলচ্চিত্রের মুক্তি দেশীয় সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের আশা, প্রবাসী দর্শকদের পাশাপাশি ভিন্ন সংস্কৃতির দর্শকদের কাছেও সিনেমাটি পৌঁছানোর মাধ্যমে বাংলা চলচ্চিত্রের বৈশ্বিক বাজার সম্প্রসারণে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।

Link copied!