ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকরা অবৈধভাবে ভারতে প্রবেশের পর মাদকের চালান নিয়ে বাংলাদেশ ফিরছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর বিওপির বিপরীতে ভারতের পারগোপালপুর এলাকায় তাদের আটক করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৪৯/২-এস এর নিকটবর্তী ভারতের ভেতরে টহলরত বিএসএফ সদস্যরা ওই তিনজনকে আটক করে।
আটকরা হলেন, মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হৃদয় (রাব্বী), গোপালপুর গ্রামের শাহিন এবং সোহাগ।
জানা গেছে, আটক তিনজন অবৈধভাবে সীমান্ত পেরিয়ে রবিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় বিএসএফ ধাওয়া দিলে তিন যুবক ধরা পড়েন। এসময় আরও দুজন পালিয়ে যান।
এদিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের একটি সূত্র জানিয়েছে, তিন বাংলাদেশি আটকের বিষয়ে বিএসএফ ৯৯ ব্যাটালিয়ন ও বিজিবি ৫৮ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে যোগাযোগ হয়েছে। আটকরা বিএসএফ হেফাজতে সুস্থ আছেন বলেও জানা গেছে।
বিএসএফ ৯৯ ব্যাটালিয়নের মধুপুর বিওপির দাবি, আটক বাংলাদেশি তিনজনকে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে মাদকসহ আটক করা হয়েছে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম সংবাদমাধ্যমকে বলেন, “তিন বাংলাদেশি আটকের বিষয়টি শুনেছি। সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজ দূরে ভারতের ভেতরে বিএসএফের হাতে তারা আটক হয়েছে বলে বিএসএফ সূত্র থেকে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা খোঁজখবর রাখছি।”