এপ্রিল ১৪, ২০২৬, ০৬:০৮ পিএম
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি জানিয়েছে, ওয়াশিংটন যদি চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করে, তাহলে বেইজিংও সমানভাবে প্রতিক্রিয়া জানাবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। তিনি বলেন, তেহরানকে সহায়তা দেওয়া হলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী চীনা পণ্যের ওপর ‘বিস্ময়কর’ নতুন শুল্ক আরোপ করা হবে।
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে চীনে নির্ধারিত একটি রাষ্ট্রীয় সফরও স্থগিত করেছেন ট্রাম্প, যা আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় সিএনএন এক প্রতিবেদনে জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।
এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে—এ বিষয়টি যদি সত্য হয়, তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে।’
তবে চীন এই অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে প্রকাশিত খবরগুলো ভিত্তিহীন।
তিনি বলেন, ইরানকে সামরিক সাহায্য দেওয়ার অভিযোগে যে মিডিয়া রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো পুরোপুরি বানানো এবং মিথ্যা। যদি যুক্তরাষ্ট্র এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে চীনের ওপর ট্যারিফ বাড়ায়, তাহলে চীন অবশ্যই পাল্টা ব্যবস্থা নেবে।
তিনি আরও যোগ করেন, ‘চীন সামরিক পণ্য রফতানির ক্ষেত্রে সবসময় সতর্ক ও দায়িত্বশীল আচরণ করে। আমরা চীনের আইন-কানুন এবং আন্তর্জাতিক দায়িত্ব অনুসারে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখি।’