লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১০:৪০ এএম

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা

দেশের বাজারে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পর বাস মালিকদের পাশাপাশি এবার লঞ্চ মালিকরাও ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।

রোববার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা-এর ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান বাদল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ চেয়ারম্যানের কাছে একটি চিঠি পাঠিয়ে এই প্রস্তাব দেন। সংগঠনটি যাত্রীভাড়া সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ১৮ এপ্রিল সরকার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করার পর লঞ্চ পরিচালনার খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এর পাশাপাশি যন্ত্রাংশ, প্লেট, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, গ্যাস, রংসহ বিভিন্ন উপকরণের দামও বৃদ্ধি পেয়েছে। ফলে সব মিলিয়ে পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে দাবি করা হয়।

লঞ্চ মালিকদের প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ৩ টাকা ৩৮ পয়সা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বেশি। পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, সড়কপথের উন্নতির কারণে অনেক যাত্রী এখন নৌপথের পরিবর্তে সড়কপথে যাতায়াত করছেন। এতে নৌপথে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় লঞ্চ মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। এ অবস্থায় ভাড়া সমন্বয় না হলে লঞ্চ ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

এদিকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শনিবার (১৮ এপ্রিল) নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে, যা রোববার থেকে কার্যকর হয়েছে। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Link copied!