দুই দশক পর বগুড়ার পথে তারেক রহমান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৯:৩০ এএম

দুই দশক পর বগুড়ার পথে তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সোমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। প্রায় দুই দশক পর তিনি পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়ীতেও যাওয়ার কথা রয়েছে।

সকাল ৬টায় রাজধানীর গুলশানের বাসা থেকে সড়কপথে রওনা দেন তিনি। সফরসঙ্গী হিসেবে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তাদের বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় তারা আবার ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এই সফরে বগুড়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর থেকে বাণিজ্যিক ফ্লাইট চালু, শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন নির্মাণ, করতোয়া নদী পুনরুদ্ধার প্রকল্প গ্রহণ এবং যানজট নিরসনে বিকল্প সড়ক ও ফ্লাইওভার নির্মাণসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের বিষয়ে আলোচনা হবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে রেললাইন নির্মাণ ও করতোয়া নদীর আংশিক খনন শুরু হলেও অর্থের অভাবে তা এগোয়নি। অন্তর্বর্তী সরকারের সময় সিটি করপোরেশন, সারিয়াকান্দিতে নৌবন্দর ও বিমানবন্দর প্রকল্প শুরু হলেও সেগুলোও মাঝপথে থেমে যায়। তবে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হয় ওই সময়েই।

বিএনপি সরকার গঠনের পর এসব দাবির সঙ্গে যুক্ত হয়েছে সারিয়াকান্দি হয়ে জামালপুরের মাদারগঞ্জ পর্যন্ত নতুন যমুনা সেতু নির্মাণ, বগুড়াকে বিভাগে উন্নীত করা, টেলিভিশন কেন্দ্র স্থাপন এবং এলপিজি গ্যাস ডিপো চালুর দাবি। বগুড়া নাগরিক ফোরাম মোট ২৩ দফা দাবি তুলে ধরেছে।

এ ছাড়া সফরের অংশ হিসেবে গাবতলীর বাগবাড়ীতে পারিবারিক কার্ড বিতরণ, শহীদ জিয়া গ্রাম হাসপাতালে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন, চৌকিরদহ এলাকায় খাল খনন, বগুড়া জজ আদালতে নতুন ভবন ও ই-নথি কার্যক্রম চালু, বগুড়া প্রেস ক্লাব ও বায়তুর রহমান মসজিদের নতুন ভবনের উদ্বোধন এবং আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Link copied!